লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সারাদেশের মতো জেলাতেও একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়। এর আওতায় জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সকালে লক্ষ্মীপুর পৌরসভার একটি টিকাদান কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক সম্রাট খীসা। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, পৌর প্রকৌশলী জুলফিকার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আবদুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এবার ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬ জন, সদর উপজেলায় ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫ জন, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০ জন, রামগতিতে ৪৯ হাজার ৭৫০ জন এবং কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ জন শিশু রয়েছে।
মোট লক্ষ্যমাত্রার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা জুড়ে ৩ হাজার ৫৬৮ জন স্বাস্থ্য সহকারী এবং ১৯৪ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন