আন্তর্জাতিক ডেস্ক: সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ শর্তগুলো এখনো বাস্তবায়িত না হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। এ কারণে রোববার অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নেয়নি তেহরান।
রোববার (২৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের সৃষ্টিকর্ম সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরের সদস্য মেহদি ফাজাইলি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল বিদেশে আটকে থাকা ইরানের অবমুক্ত তহবিলে প্রবেশাধিকার নিশ্চিত করা। তবে বাস্তবে সেই তহবিল ব্যবহারের সুযোগ পাওয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ফাজাইলি বলেন, আমাদের অবমুক্ত তহবিলে প্রবেশাধিকার রয়েছে কি না, সেটি আগে যাচাই করা প্রয়োজন। যদি সেই প্রবেশাধিকার কার্যকর না হয়, তাহলে সমঝোতার শর্ত পূরণ হয়েছে বলা যাবে না।
ইরানের এই অবস্থানকে চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং অবরুদ্ধ অর্থ ব্যবহারের সুযোগ নিশ্চিত না হলে তেহরান ভবিষ্যৎ আলোচনায়ও কঠোর অবস্থান বজায় রাখতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সমঝোতার বাস্তবায়ন নিয়ে উভয় পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়ে গেছে।
রিপোর্টার্স২৪/বাবি