রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উলটে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন।
কসবা থানার এসআই আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উলটে যায়। ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম