রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি। মোট ২০৪টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ-সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, রোববার (২৮ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি ফ্লাইটে ফিরেছেন ৩৩ হাজার ৪৮৮ জন, সৌদি এয়ারলাইনসের ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ১২৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৭টি ফ্লাইটে ফিরেছেন ১০ হাজার ২৬০ জন।
এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন হাজি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৮ হাজার ৬১৭ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান।
এছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন, যার মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। ৩০ মে থেকে শুরু হয় ফিরতি ফ্লাইট, যা আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম