রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্র চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত অভিযানে প্রায় ৩৩০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন মামলায় ১৪০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।
তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টরের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে এসব সাফল্য অর্জিত হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, এ সময়ে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩০৯ কোটি ২১ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৩৭ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে প্রায় ২১ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার এবং ১০২ জনকে আটক করা হয়েছে।
শুধু ময়মনসিংহ সেক্টরেই ১৪ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য এবং ৪ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ২৮ জনকে আটক করা হয়। পাশাপাশি একটি পাইপগানও জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরিবেশ সংরক্ষণ অভিযানে ১ লাখ ৫০ হাজার ৮৪৪ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। এছাড়া অস্ত্রবিরোধী অভিযানে ১৫টি অবৈধ অস্ত্র ও ১০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সীমান্তবাসীর সমন্বিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম