প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 29-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ শ্যামনগরে নীলডুমুর বাজার থেকে অজগর সাপ উদ্ধার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ ও কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।
নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়।
খবর পেয়ে বন বিভাগ ও সিবিজির সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর আগে কখনো দেখা যায়নি। সাপটি কীভাবে দোকানের ভেতরে প্রবেশ করেছে, তা নিশ্চিত হওয়া না গেলেও আশপাশের বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধারকৃত অজগর সাপটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের স্বাভাবিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।