কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জাপান ফুটবল দলের সমর্থকেরা বর্ণাঢ্য মিছিল ও মোটর শোভাযাত্রা করেছেন। সোমবার (২৯ জুন) দুপুরে শহরের এনএস রোড প্রদক্ষিণ করেন তাঁরা। শোভাযাত্রাটি থানার মোড় হয়ে পৌরসভা মোড় ঘুরে গোসালা সড়কের সামনে গিয়ে শেষ হয়।
কুষ্টিয়া জাপান সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ সময় জাপান ফুটবল দলের জার্সি বিতরণ করা হয়। শোভাযাত্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু সমর্থকের পাশাপাশি একটি ব্যান্ড পার্টিও অংশ নেয়। এ ছাড়া ছোট ট্রাকে স্থাপিত সাউন্ড সিস্টেমে জাপান ফুটবল দলের সমর্থনে স্লোগান দেওয়া হয়।
শোভাযাত্রায় জাতীয় ফুটবল পুরুষ দলের সাবেক খেলোয়াড় ও কুষ্টিয়ার বাসিন্দা আকরাম হোসেন এবং জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় কুষ্টিয়ার বাসিন্দা নিলুফা ইয়াসমিন নীলা অংশ নেন।
শোভাযাত্রার উদ্যোক্তা ও আয়োজক চিকিৎসক এস এম মুসতানজিদ বলেন, “জাপান আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এশিয়ার অন্যতম সেরা ফুটবল দল। তাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছি। আশা করছি, ব্রাজিলকে অন্তত দুই গোলের ব্যবধানে হারিয়ে জাপান সেরা ষোলোতে জায়গা করে নেবে।”
কুষ্টিয়ার কৃতীসন্তান জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন বলেন, “যদিও আমি ব্রাজিল দলের সমর্থক, তারপরও মুসতানজিদ স্যারের আমন্ত্রণে এসেছি। আমি চাই, একদিন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং সেখানে বাংলাদেশের পতাকা উড়বে।”