চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও আহমদ ছফার সাহিত্যকর্ম নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সৈয়দ ওয়ালীউল্লাহ ও আহমদ ছফা বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। আহমদ ছফা তিন দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার ‘গাভী বিত্তান্ত’ বাংলা সাহিত্যের একটি কালজয়ী সৃষ্টি। অন্যদিকে সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ কুসংস্কার ও গ্রামীণ সমাজের শোষণ-বাস্তবতাকে তুলে ধরা এক অনন্য সামাজিক উপন্যাস।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, দুজন সাহিত্যিকই সমাজ, সংস্কৃতি ও মানুষের চিন্তাজগতে গভীর প্রভাব রেখেছেন। আহমদ ছফা তার লেখার মাধ্যমে প্রচলিত বিশ্বাস ও চিন্তার কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছেন, আর সৈয়দ ওয়ালীউল্লাহ বৈষম্য ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে শক্তিশালী সাহিত্য নির্মাণ করেছেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, সৈয়দ ওয়ালীউল্লাহ ও আহমদ ছফার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ। সমাজের নানা সমস্যা, কুসংস্কার ও রাজনৈতিক বাস্তবতা তাদের লেখায় প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির অনুবাদক মোজাফফর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. শারমিন মুস্তারী এবং সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।
উদ্বোধনী পর্ব শেষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম অধিবেশনের বিষয় ছিল ‘মিখাইল বাখতিনের আলোকে সৈয়দ ওয়ালীউল্লাহ’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক (পিআরএল) ড. মোহাম্মদ মহীবুল আজিজ। প্রবন্ধের ওপর আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী এবং অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়।
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ‘আহমদ ছফার পুষ্প, বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ: প্রকৃতি ও মানুষের আন্তঃসম্পর্কের বয়ান’ শীর্ষক এ অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলম চৌধুরী। আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক, কবি ও নাট্যকার অভীক ওসমান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।
সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।