সিলেট প্রতিনিধি: সিলেটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর ছেলে জয়নাল আবেদিন (২৫) এবং কান্দিরগাঁও এলাকার মো. মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার পথে ওই কিশোরীকে কৌশলে একটি বসতঘরে নিয়ে গিয়ে দুই আসামি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।