আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ক্রুকে উদ্ধারে সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এ তথ্য জানিয়েছে। ন্যাভসেন্টের তথ্য অনুযায়ী, বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭)-এ মোতায়েন থাকা একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার আরব সাগরে অভিযান চলাকালে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
তবে এ ঘটনার সঙ্গে শত্রুপক্ষের হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত বা অন্য কোনো বৈরী তৎপরতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত বা কারিগরি ত্রুটিজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ন্যাভসেন্ট আরও জানিয়েছে, উদ্ধার হওয়া তিন ক্রুকে দ্রুত ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ রণতরীতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে মার্কিন নৌবাহিনীর একাধিক জাহাজ, হেলিকপ্টার এবং বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিট আরব সাগরের সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে হেলিকপ্টারটির জরুরি অবতরণের প্রকৃত কারণ উদঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহুমুখী ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ হেলিকপ্টার, যা উদ্ধার অভিযান, সরবরাহ পরিবহন, সামুদ্রিক টহল এবং বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়ে থাকে।
রিপোর্টার্স২৪/বাবি