রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। সর্বশেষ বায়ুমান সূচকে (AQI) বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার (৩ জুলাই) আইকিউ এয়ারের সর্বশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৪২, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই সময়ে ১৪৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কিনশাসা।
এদিকে, ১৪২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১১৭।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় শিশু, প্রবীণ ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরে চলাফেরা সীমিত রাখতে বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোর নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত বহন করে।
রিপোর্টার্স২৪/ঝুম