রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যেকোনো ধরনের অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। এখানে সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় সমর্থন দিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ সময় জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পড়াশোনা ও বাংলাদেশে আগমন সহজ করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়ে বিশেষ সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন। পাশাপাশি বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রদূত আরও প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থীরা ভিসার আবেদন করলে যাচাই প্রক্রিয়া সহজ করতে সেই আবেদন অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে রয়েছে এবং তাদের জনগণের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদি উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম