স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে খেলতে নেমে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়সী ফুটবলার হয়েছেন।
ইতিহাস গড়ার ম্যাচেই দীর্ঘদিনের একটি আক্ষেপও ঘুচিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে পাঁচটি বিশ্বকাপে খেললেও নকআউট পর্বে কখনো গোলের দেখা পাননি রোনালদো। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে সেই অভিশাপ কাটিয়ে ওঠেন তিনি।
এটি ছিল বিশ্বকাপে রোনালদোর ২৬তম ম্যাচ। ফলে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারদের তালিকায় তিনি যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের সমান ২৬ ম্যাচ খেলেছেন তিনি। এই তালিকার শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার বিশ্বকাপ ম্যাচ সংখ্যা ২৯।
এদিকে, ২০২৬ বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন রোনালদো—এমন গুঞ্জন রয়েছে ফুটবলাঙ্গনে। তবে ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসরের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত তার চুক্তি রয়েছে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি বিরল রেকর্ডও গড়ে ওঠে। ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ ৪০ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নামেন। ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বের কোনো ম্যাচে দুই দলের শুরুর একাদশে ৪০ বছরের বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় মুখোমুখি হয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি