স্পোর্টস ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপের নকআউট অভিযান শুরু হচ্ছে শনিবার ভোরে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
মাঠের লড়াই শুরুর আগেই দুই দলের মধ্যে আর্থিক ব্যবধান আলোচনায় উঠে এসেছে। খেলোয়াড়দের বাজারমূল্যের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে পার্থক্য যেন আকাশ-পাতাল।
খেলোয়াড়দের বাজারমূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা দলের মোট বাজারমূল্য প্রায় ৮০৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো। বিপরীতে কেপ ভার্দের পুরো স্কোয়াডের মূল্য মাত্র ৫৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডের মূল্য আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটির তুলনায় প্রায় ১৫ গুণ বেশি।
শুধু তাই নয়, আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার হুলিয়ান আলভারেজের একার বাজারমূল্যই ১০০ মিলিয়ন ইউরো, যা কেপ ভার্দের পুরো স্কোয়াডের সম্মিলিত মূল্যের প্রায় দ্বিগুণ। তার পরেই রয়েছেন এনজো ফার্নান্দেজের ৯০ মিলিয়ন ইউরো এবং লাউতারো মার্টিনেজের ৮৫ মিলিয়ন ইউরো বাজারমূল্য।
অন্যদিকে কেপ ভার্দের সবচেয়ে দামি ফুটবলার ভিয়ারিয়ালের সেন্টারব্যাক লোগান কস্তা, যার বাজারমূল্য ১৫ মিলিয়ন ইউরো। এরপর রয়েছেন মিডফিল্ডার কেভিন পিনা (১১ মিলিয়ন ইউরো) এবং ডানপ্রান্তের ডিফেন্ডার ওয়াগনার পিনা (৫ মিলিয়ন ইউরো)। তাদের পুরো স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ের বাজারমূল্য ১০ লাখ ইউরোর নিচে।
তবে বাজারমূল্যের এই বিশাল ব্যবধানকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ ফুটবল বিশ্লেষকরা। কারণ বিশ্বকাপের গ্রুপ পর্বেই কেপ ভার্দে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। দলটি গ্রুপ পর্বে অপরাজিত থেকেছে এবং নিজেদের শক্তিশালী রক্ষণভাগের কারণে ইতোমধ্যে টুর্নামেন্টের অন্যতম চমক হিসেবে আবির্ভূত হয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনা তিন ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে। অধিনায়ক লিওনেল মেসি তিন ম্যাচে ছয় গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে কাগজে-কলমে বিশ্বচ্যাম্পিয়নরাই স্পষ্ট ফেবারিট হলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না কোচ লিওনেল স্কালোনি ও তার শিষ্যরা।
রিপোর্টার্স২৪/বাবি