বিনোদন ডেস্ক: মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ঈথা’। মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত এই সিনেমাকে ঘিরে আপত্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে এর নাম।
ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক দর্শকদের প্রশংসা কুড়ালেও মহারাষ্ট্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ এবং বিথাবাইয়ের পরিবারের সদস্যরা সিনেমার নাম পরিবর্তনের দাবি তুলেছেন।
এনসিপির মহারাষ্ট্র শাখার চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের প্রধান বাবাসাহেব পাতিল বলেন, বিথাবাই শুধু একজন শিল্পী নন, তিনি মহারাষ্ট্রের লোকসংস্কৃতি, বিশেষ করে তামাশা ও লাবণী শিল্পের অন্যতম পথিকৃৎ। তাই তার জীবন নিয়ে নির্মিত সিনেমার নামও তার নামানুসারেই হওয়া উচিত। তাদের দাবি, ‘ঈথা’ নামটি বিথাবাইয়ের অবদান ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে না।
একই দাবি জানিয়েছেন বিথাবাইয়ের দুই ছেলে কৈলাশ ও রাজেশ নারায়ণগাঁওকর এবং নাতি মোহিত নারায়ণগাঁওকর। তাদের ভাষ্য, সিনেমাটির নাম ‘বিথাবাই’ রাখাই হবে এই কিংবদন্তি শিল্পীর প্রতি প্রকৃত সম্মান।
ভারতীয় লোকশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিথাবাই নারায়ণগাঁওকর ১৯৫৭ ও ১৯৯০ সালে দুবার রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। জীবনের শেষদিকে আর্থিক সংকটে পড়লেও তিনি শিল্পচর্চা থেকে সরে আসেননি। লাবণী ও তামাশা শিল্পে তার অবদান আজও কিংবদন্তি হিসেবে বিবেচিত হয়।
চলচ্চিত্রটির টিজারে বিথাবাইয়ের জীবনের একটি বহুল আলোচিত ঘটনাকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় মঞ্চে নৃত্য পরিবেশনের সময় তার প্রসববেদনা শুরু হয়। তিনি মঞ্চ ছেড়ে সন্তান প্রসব করেন, নিজেই নাড়ি কাটেন এবং কিছুক্ষণ পর আবার মঞ্চে ফিরে নাচ সম্পন্ন করেন।
তবে বাস্তব ঘটনা কিছুটা ভিন্ন ছিল। জানা যায়, সে সময় দর্শকরাই অনুষ্ঠান বন্ধ করে তাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছিলেন। নির্মাতাদের দাবি, এই দৃশ্যের মাধ্যমে তারা মূলত বিথাবাইয়ের অদম্য মানসিক শক্তি এবং শিল্পের প্রতি তার অসীম নিবেদনকে তুলে ধরতে চেয়েছেন।
চলচ্চিত্রটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। ম্যাডক ফিল্মস প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ আগস্ট মুক্তির কথা রয়েছে। ইতোমধ্যে প্রকাশিত টিজারে লাবণী নৃত্যশিল্পীর রূপে শ্রদ্ধা কাপুরের উপস্থিতি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এটি তার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারে।
তবে সিনেমার নাম নিয়ে চলমান বিতর্কের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পরিচালক লক্ষ্মণ উতেকর কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস। পর্যবেক্ষকদের মতে, মুক্তির আগে নাম পরিবর্তন করা হলে প্রচারণার কৌশল নতুন করে সাজাতে হবে। অন্যদিকে নাম অপরিবর্তিত থাকলে বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনাও রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম