রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বাস্থ্যখাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। বদলি নয়, প্রয়োজনে চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় সততা নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের কোনো সুযোগ রাখা হবে না এবং এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে গড়ে তোলা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে চলতি বছর বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে চায় সরকার। জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, এটি আদর্শ বাস্তবায়নের বাজেট এবং প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে তিনি জানান, চলতি বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস পরিচালিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হবে।
তিনি আরও বলেন, মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে। দ্রুত জমি চূড়ান্ত করে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, তার একটি নরসিংদীতে স্থাপনের চেষ্টা করা হচ্ছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টার্স২৪/ঝুম