স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে। শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানান জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন। তিনি বলেন, চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামায়াতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে কিছু সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনজন গুরুতরসহ ২০ আহত হয়।
এসময় কবির হোসেন (৪৫) নামের এক জামায়াতে ইসলামীর নেতা ছুরিকাহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
কবির হোসেনের গুলিস্তান ট্রেড সেন্টারে মোবাইল পার্টসের ব্যবসা রয়েছে। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর শাহবাগ থানা গুলিস্তান ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করছেন। কবির হোসেন জানান, পূর্বঘোষিত একটি শান্তি মিছিল চলাকালে বিএনপির সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় তাঁদের দলের আরও ১০-১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গুলিস্তান এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে এসেছেন। তাঁর পিঠের নিচের অংশে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
জামায়াত সুত্র জানায়, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। আজ স্থানীয় জামায়াত নেতারা রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব