নওগাঁ প্রতিনিধি: নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে ভুয়া সনদে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা, কাজির দায়িত্ব পালন এবং বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।
শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিক্ষা অফিসের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়ে অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করছেন। পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ডের কাজির দায়িত্ব পালন করতে গিয়ে নানা অনিয়ম, প্রতারণামূলক কর্মকাণ্ড এবং বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তৌফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও অভিভাবক রফিকুল ইসলাম, ইসরাফিল হোসেন তুষার, রানা হামিদ, সেকেন্দার আলী, দুলাল হোসেন মণ্ডল, জনি মণ্ডল ও আনোয়ার হোসেনসহ স্থানীয় শতাধিক বাসিন্দা।
বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী আরমান আনছারী।
রিপোর্টার্স২৪/বাবি