স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোর ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর ৪ মিনিটে গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেক্সিকো। প্রথমার্ধের ৪২তম মিনিটে হুলিয়ান কুইনোনেসের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করেছে স্বাগতিকরা, ফলে বিরতির আগে ম্যাচে ফিরে এসেছে তারা।
বাম প্রান্ত থেকে নেওয়া একটি ফ্রি-কিক থেকে ইংল্যান্ডের ডিফেন্ডার এজরি কনসা বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। ছয় গজ বক্সের ভেতর বল পেয়ে চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা কুইনোনেস কাছ থেকে জোরালো শটে জাল খুঁজে নেন।
কুইনোনেসের গোলের পর মুহূর্তেই বদলে যায় স্টেডিয়ামের পরিবেশ। জুড বেলিংহামের জোড়া গোলে কিছুক্ষণ আগেও স্তব্ধ হয়ে যাওয়া গ্যালারি আবারও প্রাণ ফিরে পায়। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে নতুন করে চাপে পড়ে ইংল্যান্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ের শেষদিকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিল মেক্সিকো। বক্সের ভেতর বল পেয়ে রাউল হিমেনেজ বাঁ পায়ের শট নিলেও নিখুঁত সংযোগ করতে না পারায় বল পোস্টের বাইরে চলে যায়। অল্পের জন্য রক্ষা পায় ইংল্যান্ড।
প্রথমার্ধে পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। শেষ মুহূর্তে মেক্সিকোর ধারাবাহিক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণকে বেশ চাপে পড়তে দেখা যায়।
রিপোর্টার্স২৪/বাবি