রিপোর্টার্স২৪ ডেস্ক: জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), মো. বিজু মিয়া (৩৬), মো. বাদশা মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৫), মো. আশরাফুল ইসলাম (৪০), জসিম এবং আছমত।
অন্যদিকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামি মো. ইদ্রিস আলীকে আদালত খালাস দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর সরকারি কৌঁসুলি ফজলুল হক।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মে রাতে আসামিরা বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলায় মোট ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে সাক্ষ্য দেন। চিকিৎসা প্রতিবেদন, আলামতসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম