রিপোর্টার্স২৪ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদ্রাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) এবং একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের পেছনে থাকা আরও দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ছয়টি গরুরও মৃত্যু হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম