রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও নিয়মিত খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে কার্যক্রম চালু এবং শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার প্রসারে গুরুত্ব দিচ্ছে। সুস্থ, দক্ষ ও তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।
নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের নিয়মিত পিটি ও খেলাধুলার আয়োজন করতে হবে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেখানে প্রতিষ্ঠানপ্রধানরা কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব দেবেন। পাশাপাশি বিধি অনুযায়ী দ্রুত শূন্য পদ পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম