রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, দেশের সরকারি ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও মানবসম্পদ উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষিভিত্তিক যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালু করা হবে। পাশাপাশি সনাতনী কৃষি পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ সময় তিনি আরও জানান, চীনে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি দাবি করেন, সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার ও উদ্যোগের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে।
রিপোর্টিার্স২৪/ঝুম