ঠাকুরগাঁও প্রতিনিধি: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের দুটি মর্যাদাপূর্ণ অলিম্পিয়াডে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের খুদে শিক্ষার্থী অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস।
গত ৩ থেকে ৫ জুলাই অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড ২০২৬’ এবং ‘ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’–এ বিশ্বের সাতটি দেশের সেরা প্রতিযোগীদের পেছনে ফেলে সে একাই জিতে নিয়েছে মোট ১১টি পুরস্কার। এর মধ্যে রয়েছে প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’। অনিরুদ্ধ ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহারাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বিশ্বমঞ্চে নিজের মেধার দ্যুতি ছড়িয়ে অনিরুদ্ধর অর্জিত এই ১১টি পুরস্কারের মধ্যে রয়েছে একটি সর্বোচ্চ সম্মাননাসূচক রাষ্ট্রপতি বিশেষ পুরস্কার (প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড), একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এবং একটি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড। এ ছাড়া অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সে দুটি করে ডিন অ্যাওয়ার্ড, ডায়মন্ড অ্যাওয়ার্ড ও গোল্ড অ্যাওয়ার্ড লাভ করে। এর বাইরে একটি সেরা প্রেজেন্টার অ্যাওয়ার্ড এবং একটি র্যাংকিং অ্যাওয়ার্ডও নিজের ঝুলিতে পুরেছে এই খুদে জিনিয়াস।
অনিরুদ্ধর এই অর্জনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে। সে এক চিকিৎসাদম্পতির সন্তান। তার বাবা ডা. নির্মল কান্তি বিশ্বাস জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর/পঙ্গু হাসপাতাল) অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং মা ডা. কাকলী হালদার ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ছেলের এই গৌরবময় সাফল্যে পরম আনন্দ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তার বাবা-মা। তাঁরা আশা প্রকাশ করেন, অনিরুদ্ধ যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করতে পারে এবং দেশ ও মানবতার কল্যাণে অবদান রাখতে পারে।
রিপোর্টার্স২৪/ধ্রুব