গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজ 'হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে' এশিয়া পর্বে প্রথম স্থান অর্জন করেছে। তার এ অসাধারণ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ সাফল্যের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (৭ জুলাই) সকালে আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সামিনা নূর তাজকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জামালপুরের মেসতা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে সামিনা নূর তাজ ২০২৩ সালের ১ জুন আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
বিশ্বব্যাপী অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিতে তাজকে একাধিক বাছাই পর্ব অতিক্রম করতে হয়। গত ২৫ এপ্রিল ঢাকার স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর ২৩ মে নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে।
এরপর থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া মহাদেশীয় পর্বে অংশ নিয়ে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করে। এর মাধ্যমে সে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে।
তাজের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ মো.জালিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে তার পরিবার।
বিদ্যালয়ের চেয়ারম্যান মো. জালিল উদ্দিন বলেন, সামিনা নূর তাজের এ অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, গাজীপুর তথা সারা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, বিশ্বপর্যায়েও তাজ তার মেধার স্বাক্ষর রেখে দেশের জন্য আরো সুনাম বয়ে আনবে।
রিপোর্টিার্স২৪/ঝুম