চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গি বাজারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন ফরিদগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন।
মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।
আদালতের আদেশে বলা হয়, স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত ‘খালের ওপর অবৈধ স্থাপনায় ৩১ জনের সমঝোতা’ শীর্ষক প্রতিবেদনে সরকারি খাল দখল করে দোকানপাট ও পাকা স্থাপনা নির্মাণের বিষয়টি উঠে আসে। এসব স্থাপনার কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংবাদটি আমলে নিয়ে আদালত ফৌজদারি কার্যবিধির ক্ষমতাবলে মামলা গ্রহণ করেন। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ২০২ ধারায় ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত তদন্তে খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণকারী ও ব্যবসা পরিচালনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ, দখলের প্রকৃতি যাচাই এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তসহ তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আইনজীবী ও সচেতন মহল আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।