রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১২ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১৩ জুলাই থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। যদিও পুরো জুলাই মাসজুড়েই থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
তিনি বলেন, ভারি বৃষ্টিপাতের সতর্কতা আগের ৬ বিভাগের পরিবর্তে দেশের ৮ বিভাগেই সম্প্রসারণ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমাবাগানে।
এদিকে, বিরূপ আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম