রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আন্তরিক প্রচেষ্টায় দেশের পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব। একই সঙ্গে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পরিবেশ সংরক্ষণে সরকার, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর মতো পরিকল্পিত শিল্পায়নের পরিবর্তে দেশে যত্রতত্র কলকারখানা গড়ে তোলার প্রবণতা উদ্বেগজনক। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়েই দেশকে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ এখনো পরিবেশ সম্পর্কে পর্যাপ্ত সচেতন নন। তাই পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানো জরুরি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
গাছ লাগানোর ক্ষেত্রে পরিবেশ ও এলাকার উপযোগিতা বিবেচনারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকতে হবে। এর পরিবর্তে দেশীয় ও ঔষধি গাছের চাষে গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু আইন করেই পরিবেশ রক্ষা সম্ভব নয়; এ জন্য মানুষের মানসিকতা ও সচেতনতার পরিবর্তন প্রয়োজন। অনুষ্ঠানে তিনি সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন।
উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের ১৭৩টি শহরের বাসযোগ্যতার সূচক প্রকাশ করে। ওই তালিকায় বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল রাজধানী।
রিপোর্টার্স২৪/ঝুম