বগুড়া প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকার হত্যা ও ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) ও কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে বাড়িতে খাবার শেষে নিজের রাইস মিল পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে প্রবেশ করে। এ সময় তাদের দেখে ফেলায় ডাকাতরা তাকে হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায় তারা।
পরদিন সকালে স্থানীয়রা মিলের ভেতরে মোহাম্মদ আলীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়।
ওসি শাহীনুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক অভিযানে শফিকুল ইসলাম ও আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তথ্য দিয়েছে।
তিনি আরও জানান, পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ