আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনের আগে নতুন শত্রু প্রয়োজন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার দাবি, হামাস, হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে সংঘাতের পর এখন তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ওয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই।
তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা ততই একটি নতুন শত্রুর প্রয়োজন অনুভব করছেন। আগে হামাস, হিজবুল্লাহ ও ইরানকে সামনে আনা হয়েছে, এখন তারা আরেকটি শত্রু খুঁজছেন, যাতে নিজেদের পক্ষে জনসমর্থন ও সহানুভূতি তৈরি করা যায়।
সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ধ্বংস করতে চান। সেই বক্তব্যের জবাবেই ফিদান এ মন্তব্য করেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও তা কোনোভাবেই সরাসরি সামরিক সংঘাতে রূপ নেওয়া উচিত নয়। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনৈতিক পথেই সমস্যার সমাধান করা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/বাবি