আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এর আওতায় একবারের বুকিংয়ের মাধ্যমে ফ্লাইট, হোটেল ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার সুবিধা পাওয়া যাবে।
শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধার আওতায় আসছেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচিতে যুক্ত করা হবে।
নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে।
বর্তমানে রিজারভাল ও আলমোসাফ নামে দুটি ট্রাভেল এজেন্সি এ সেবা দেওয়ার অনুমতি পেয়েছে। বুকিং সম্পন্ন হওয়ার পর ভ্রমণকারীরা ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা ও প্রয়োজনীয় কাগজপত্র পাবেন।
সৌদির নতুন ট্যুরিস্ট ভিসার মেয়াদ তিন মাস। এতে একবার প্রবেশের সুযোগ থাকবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করা যাবে।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর অতিরিক্ত প্রতিদিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা ও ভ্রমণ বীমাসহ নির্ধারিত ফি ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
তবে নতুন এই ভ্রমণ প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির বিভিন্ন স্থানের পাশাপাশি মক্কা ও মদিনায় ভ্রমণ করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দেশটির পর্যটন খাতকে আরও সম্প্রসারণ করা।
রিপোর্টার্স২৪/বাবি