বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই কয়েকজন তাকে খুঁজছিল। পরে রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন রুমি অভিযোগ করেন, তাদের মামা বাদলের কাছে আরিফের ১০ লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে ভাড়াটে লোক দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সেলিম, জীবন, নাহিদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
তবে পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি