রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)। তিনি বলেছেন, সবাই একসঙ্গে কাজ করলে আমাদের সন্তানদের ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।
পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় জনসচেতনতামূলক র্যালির মাধ্যমে ৩০ দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, মাদকাসক্তি ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নয়। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, ক্ষমতা ও দায়িত্ব নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সামাজিক কল্যাণমূলক কর্মসূচির প্রতি সরকারের অঙ্গীকার অব্যাহত রয়েছে। সবার জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল জানান, ৩০ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনের ওষুধ ছিটানো, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের সচেতন করা হবে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি জনসচেতনতামূলক র্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় নেতা ও স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করেন।
প্রতিমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল-০২) ২ নম্বর ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ বিভাগ বিশেষ কার্যক্রম গ্রহণ করে।
মশক নিয়ন্ত্রণ পরিদর্শক সাইফ রহমান জানান, শনিবারের কর্মসূচিতে মশক বিভাগের ১৮ জন সদস্য লার্ভা ধ্বংস ও প্রাপ্তবয়স্ক মশা নিধন কার্যক্রমে অংশ নেন। তিনি বলেন, সাধারণ সময়ে ওয়ার্ডে প্রতিদিন ৬ জন কর্মী নিয়মিত মশক নিধন কাজে দায়িত্ব পালন করেন।
একই অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোয়াজ্জেম হোসেন (সিআই) জানান, প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ৯০ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন। প্রতিমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে সভাস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে তাদের নিয়োজিত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম