কালাই প্রতিনিধি:‘তরুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। তিনি বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব।
সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা মুনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, এসআই শহিদুল ইসলাম, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবার বিস্তৃতি, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ