রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে সারা দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ লক্ষ্যে ঘোষিত জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় সাত হাজার পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্যরা এই সুবিধার আওতায় আসবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ যতদিন বিএনপির পাশে থাকবে, ততদিন কোনো বাধা উপেক্ষা করে দেশের স্বার্থে কাজ করে যাবে বিএনপি নেতৃত্বাধীন সরকার।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার উদ্যোগ নিয়েছে।
এ সময় তিনি জানান, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে। এর আগে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
রিপোর্টার্স২৪/ঝুম