রিপোর্টার্স২৪ ডেস্ক: বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সামান্তা শারমিন।
সম্প্রতি এক বক্তব্যে সামান্তা শারমিন বলেন, রুমিন ফারহানা আপাও যখন দেখি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তখন আমাদের মনে একটি প্রশ্ন তৈরি হয়। স্বতন্ত্র থাকার যে স্বাধীনতা, সেটি কি রাষ্ট্রের নতুন নীতিগত প্রকল্পকে সমর্থন করার জন্য যথেষ্ট, নাকি যথেষ্ট নয় এমন একটি সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়।
তিনি আরও বলেন, ইতিহাসের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলার সুযোগ থাকা উচিত। আমরা দেখেছি, শেখ মুজিবুর রহমানের মতো একজন নন্দিত নেতার রাজনৈতিক অবস্থান নিয়েও নানা বিতর্ক রয়েছে। বাংলাদেশের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধ-পরবর্তী রাষ্ট্রীয় প্রকল্পকে ঘিরে বিভিন্ন প্রশ্ন এখনো আলোচনায় রয়েছে। বর্তমান নেতৃত্বকে যদি প্রশ্ন করা যায়, তাহলে অতীতের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলার সুযোগ থাকা উচিত।
সামান্তা শারমিন বলেন, আমরা প্রায়ই সংসদের দিকে তাকিয়ে থাকি, যেন আমাদের প্রত্যাশার কথা সেখানে তুলে ধরা হবে। কিন্তু স্বতন্ত্র পরিচয়ে নির্বাচিত এবং আলোচিত প্রতিনিধিদের ক্ষেত্রেও যখন দেখি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া হয়নি, তখন স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হয়।
তিনি আরও বলেন, আমাদের সংসদকেন্দ্রিক যে স্বতঃস্ফূর্ততা বা প্রত্যাশা, সেটি একাই যথেষ্ট নয়।
রিপোর্টার্স২৪/ঝুম