রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়ার চরনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় বাসটি ট্রাকটিকেও সজোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। অন্যদিকে, সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকচালক, পিকআপচালকসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে থাকা ট্রাক থেকে চালককে উদ্ধার করেন। পরে পিকআপের ক্ষতিগ্রস্ত অংশ কেটে আটকে পড়া চালককেও উদ্ধার করা হয়।
আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার কারণে কিছু সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রিপোর্টার্স২৪/ঝুম