স্টাফ রিপোর্টার: রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঢাকা নিউ মার্কেটের সব দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মার্কেটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রাখা হয়েছে।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম জানান, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পুরো এলাকায় পানি জমে যাওয়ায় রোববার সকাল থেকে কোনো দোকান খোলা হয়নি। ক্রেতার উপস্থিতিও নেই বললেই চলে।
জানা যায়, পরিস্থিতির উন্নতি না হওয়ায় সোমবারও দোকানপাট বন্ধ রয়েছে।
এদিকে, ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়া মোহাম্মদপুর, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও ও বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারে অধিকাংশ দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম; কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে কিছু দোকানও বন্ধ রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব