ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তার বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে—তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেবেন, নাকি অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন।
ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সাদিক কায়েমকে ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়তে হয়েছে। শিগগিরই তিনি জামায়াতে যোগ দিতে পারেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক সেটআপ হয়। ২০২৬ সালের সেটআপে তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।
তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে তার বিদায়ের কারণ বা ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
সাদিক কায়েম বর্তমানে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল।
ছাত্রশিবিরের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।