স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজ বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় পাশের কক্ষে থাকা দুই বছরের নাতনি অক্ষত অবস্থায় কান্নারত ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার রাতে কাজলার একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম মালয়েশিয়াপ্রবাসী ছেলে বিল্লাল হোসেনের পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় তার পুত্রবধূ শারমিন আক্তার বড় মেয়েকে নিয়ে বাইরে ছিলেন। ছোট মেয়ে ফাইজা দাদির সঙ্গে বাসায় ছিল।
রাত সাড়ে ৯টার দিকে শারমিন বাসায় ফিরে দেখেন, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে ভেতরে ঢুকে তিনি শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা আলমারি ভেঙে স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও নগদ টাকা নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি শাবল ও ভাঙা কাঁচি উদ্ধার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, ধারালো অস্ত্রের আঘাতে গলায় গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে শাহিদা বেগমের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভবনে সিসিটিভি না থাকায় আশপাশের ভবনের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল তদন্ত করছে।
রিপোর্টার্স২৪/বাবি