মাগুরা প্রতিনিধি: জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট জুলাই শহীদ দিবস এবং ১৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাগুরায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার আন্দোলনে বহু মানুষের আত্মত্যাগের স্মৃতি জাতি কখনো ভুলবে না। দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে সবার সহযোগিতা কামনা করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি