কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদের ব্রীজের উপর থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রী জীবিত উদ্ধার হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের যদুবয়রা গড়াই নদের ব্রিজ থেকে ঝাঁপ দেয়ার প্রায় চার ঘণ্টা পর রাত সাড়ে ১১ টায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের পর কলেজ ছাত্রী শোরমিলা খাতুনকে (২৩) কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, শোরমিলা খাতুন ভালো সাঁতার জানতো।যার কারনে নদে ঝাঁপ দেয়ার পর নদে স্রোত থাকার পরেও প্রায় দেড় কিলোমিটার দূরে উপজেলার জিলাপিতলা এলাকায় নিজেই নদের তীরে উঠে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন ওই তরুণী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।
এর আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গড়ায় নদের যদুবয়রা ব্রিজ থেকে ঝাঁপ দেন কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি সম্মান তৃতীয় বর্ষের ওই ছাত্রী। তিনি উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, উদ্ধারের পর ওই কলেজ ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
রিপোর্টার্স২৪/ঝুম