নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৫ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মরিয়ম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক এঁর নেতৃত্বে একটি রেইডিং টিম হেনারগাতী বাজারের সোলায়মানের মুদি দোকানের দক্ষিণ পাশে আঠারোবাড়ী-কেন্দুয়াগামী পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।
এ সময় সন্দেহভাজন ‘আশেকানে হাওলাপুরী’ নামক একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৫টি নীল রঙের জিপার পলি প্যাকেটে থাকা মোট ৭,০০০ (সাত হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা।
এছাড়া তার কাছ থেকে ১,৫০০ টাকা মূল্যের একটি itel বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩,০০০ টাকা জব্দ করা হয়। নগদ অর্থ ব্যতীত উদ্ধারকৃত আলামত সমূহের মোট বাজার মূল্য ২৮ লক্ষ ১ হাজার ৫০০ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে জেলা কার্যালয় সদা জাগ্রত এবং মাদক অপরাধ দমনে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গড়তে তিনি নিজ নিজ এলাকার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে অধিদপ্তরকে সহযোগিতা করার জন্য জেলাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম