চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা আরও কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল আলম (৩২)। তিনি বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে দিদারুল আলমের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। আগুনে তাঁর শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিবিড় চিকিৎসা সত্ত্বেও সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন দগ্ধ শ্রমিকের অবস্থা সংকটাপন্ন। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
রিপোর্টার্স২৪/বাবি