রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে। সম্পূর্ণ পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
রিপোর্টার্স২৪/ঝুম