সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রান্তিক মানুষের কথা বিবেচনা করে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামের অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না।
তিনি বলেন, যেন প্রান্তিক মানুষেরা কষ্ট না পায়, সে বিষয়টি আমি সবসময় গুরুত্ব দিয়ে বিবেচনা করি।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেওয়া হয়নি এটা যদি একটি বিষয় হয়ে যায়, তাহলে পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে না দেওয়া কি আন্দোলনের বিষয় হতে পারে?’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যয় নেই। ফলে ভবিষ্যতে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি কমবে এবং দেশের অর্থ সাশ্রয় হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
রিপোর্টার্স২৪/ঝুম