রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই সনদকে ঘিরে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে প্রয়াত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে নানা প্রশ্ন তোলা হচ্ছে এবং বিরোধী দল বলছে, জুলাই সনদের দাবি সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে। কিন্তু এসব বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “জুলাই সনদে আমরা সবাই একসঙ্গে স্বাক্ষর করেছি। আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলই এতে স্বাক্ষর করেছে। আমরা বারবার বলেছি, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করব এবং এ বিষয়ে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
গণভোট নিয়ে আপত্তির কথা পুনর্ব্যক্ত
গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, “উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে আমরা কখনোই একমত ছিলাম না। সে সময় আমিই বিবৃতি দিয়ে বলেছিলাম, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার কমিশন আমাদের সম্মতি ছাড়াই সেই প্রস্তাব অন্তর্ভুক্ত করেছিল।”
তিনি আরও বলেন, জুলাই সনদের বইয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে দল নির্বাচিত হবে, তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে।
'৩১ দফা ও জুলাই সনদ—দুটিতেই প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি'
মির্জা ফখরুল বলেন, বিএনপি যেমন ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দলটি তাদের নিজস্ব পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী তা বাস্তবায়ন করতে চায়।
তার অভিযোগ, বিরোধী দল ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না।
'সংস্কারের সূচনা করেছে বিএনপিই'
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে বড় বড় রাজনৈতিক সংস্কারের সূচনা করেছে বিএনপি।
তিনি বলেন, “একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা—এসবই বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এখন সংস্কার নিয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তা জনগণকে বিভ্রান্ত করার জন্যই দেওয়া হচ্ছে বলে আমি মনে করি।”
'সংবিধান সংস্কার নয়, সংশোধনের পক্ষে বিএনপি'
মির্জা ফখরুল বলেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে, সংবিধান সংস্কারের নয়।
তিনি বলেন, “জনগণ আমাদের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে ভোট দিয়েছে। জনগণের রায়ে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”
'ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে বিরোধীরা' বিএনপি মহাসচিবের অভিযোগ, বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক হাতিয়ার হিসেবে জুলাই সনদকে ব্যবহার করতে চায়।
তিনি বলেন, “আমরা চাই না জুলাই সনদ কেবল ক্ষমতায় যাওয়ার আরেকটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হোক।”
'বিএনপির ত্যাগ ভুলে গেলে চলবে না'
বিএনপি সম্পর্কে বিভিন্ন সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, “বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন এবং হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন। এসব ত্যাগের ইতিহাস অস্বীকার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
'বিভাজনের রাজনীতি নয়, প্রয়োজন উদার গণতন্ত্র'
তিনি বলেন, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী। বিভাজনের রাজনীতি পরিহার করে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে যেমন সবাই মিলে দেশ স্বাধীন করেছি, পরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি, তেমনি ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে নতুন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন প্রয়োজন সবাই মিলে সেই গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করা।”
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আবদুল লফিত মাসুদ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, আবুল কাশেম হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী এবং কবি নাহিদ নজরুল।
রিপোর্টার্স২৪/ঝুম