ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশের মোবাইল টিম এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রকি মিয়া (৩১)। তিনি ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মুন্সিপাড়ায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রকি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেটে তল্লাশি চালিয়ে ১৩টি কমলা রঙের ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর মোট ওজন ৩ দশমিক ৫১ গ্রাম এবং আনুমানিক মূল্য তিন হাজার ৯০০ টাকা।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজেদুর রহমান জানান, উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব