স্টাফ রিপোর্টার: ছুটির দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা পাওয়া সিনেমা ‘মাস্তুল’। সিনেমাটি আজ শুক্রবার (১৭ জুলাই) দেশের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নতুন এ সিনেমা পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। নির্মাতা জানান, রাজধানী ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘মাস্তুল’। এরমধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় দুটি শো চলবে।
এ সিনেমায় নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবনকে বড়পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটি গত বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। অর্জন করে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা, যা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সিনেমার কাহিনি এগিয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে কেন্দ্র করে। সিনেমায় থাকা চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।
সিনেমাকার প্রযোজিত ‘মাস্তুল’ সিনেমায় ‘মকবুল’ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, মুকিত শিকদার, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব