ইন্টারন্যাশনাল ডেস্ক: সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বরাতে এ তথ্য জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
আইআরজিসির দাবি, ইরানশাহর এলাকায় ইরানি সেনাসদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
একই সঙ্গে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা অব্যাহত রাখলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এদিকে টানা ষষ্ঠ রাতের মতো বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের একাধিক শহর এবং পাঁচটি সেতুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
বন্দর আব্বাস, বন্দর খামির, কেশম দ্বীপ, সিরিক ও ইরানশহরসহ বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
আইআরআইবির তথ্যমতে, হরমোজগান প্রদেশের বন্দর খামিরের কাছে দুটি সেতুতে যুক্তরাষ্ট্রের পৃথক হামলায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। এ ছাড়া কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি বিস্ফোরণের ঘটনাও নিশ্চিত করেছে আইআরআইবি।
অন্যদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমোজগান প্রদেশের সিরিক শহরেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
রিপোর্টার্স২৪/ধ্রুব